শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের সিজার মূল্য ৮১ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ৫৯ বিজিবির অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মুক্তার বিশ্বাসের বাড়ির সামনের পাকা সড়ক থেকে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ টুটুল (২৬) ও ছবি বেগমকে (৪২) আটক করা হয়। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকায়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।