সরদহ রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি, সংহতি স্থানীয় এমপির
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ রোড রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা এবং স্টেশনটির আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চেয়েছেন সমাবেশের বক্তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সরদহ রোড রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সরদহ রোড স্টেশন উন্নয়ন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্টেশন উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি জাহাঙ্গীর মাস্টার। প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর এবং শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ সরদহ রোড রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্টেশনটিতে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবির বিষয়ে কথা বলেন। পাশাপাশি এলাকার মাদক সমস্যা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সরদহ রোড রেলওয়ে স্টেশনটি স্থানীয় মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।
বক্তারা আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সার্বিক পরিবেশের উন্নয়ন প্রয়োজন। দীর্ঘদিনের এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসউদ, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।