ওমরাহ পালনে গিয়ে শিশুসহ ঈশ্বরদীর ৫০ নারী-পুরুষ ফিরতে পারছেন না দেশে পরিবার ও স্বজনরা উদ্বিগ্ন
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়ে কয়েকজন শিশুসহ পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী পুরুষরা নির্দিষ্ট সময়ে দেশে ফিরতে না পেরে সেখানে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (১৩ অক্টোবর) তাদের দেশে ফেরার কথা ছিল। ওমরাহ পালনের জন্য প্রয়োজন অনুযায়ী সেখানকার হোটেলে তাদের অবস্থান করার সময়সীমা মঙ্গলবার শেষ হওয়ায় এই অর্ধশত বাংলাদেশিরা অনির্দিষ্টকালের জন্য সেখানে থাকা খাওয়াসহ আবাসন সংকটে পড়েছেন। সৌদি আরবে আটকে পড়া ঈশ্বরদীর এসব পরিবারের সদস্যরা এ নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।
ঈশ্বরদীর এই ৫০ জনের মধ্যে শিশু, নারী ও বেশ কয়েকজন বয়স্ক মানুষও রয়েছেন। সেখানে খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত সেখানে তাদের থাকার চুক্তি শেষ হয়েছে। এখন দেশে ফিরতে না পেরে সেখানে দিনে এমনকি রাত্রীযাপনের জন্য নতুন করে বাসা খুঁজে বেড়াতে হচ্ছে তাদের। এই অবস্থায় অনেকে পরিবার পরিজন নিয়ে সৌদি আরবে নানা কষ্টের মধ্যে পড়ে কান্নাকাটি করছেন। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। মদিনায় অবস্থানরত ঈশ্বরদীর মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, ওমরা পালন শেষে ঈশ্বরদীর ৫০ জনের মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল কিন্তু রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে হুতিদের প্রাণঘাতি হামলার কারণে বিমান বন্দরের কার্যক্রম স্থগিত ঘোষণা করায় আমরা এখানে আটকে পড়েছি।
সেখানে অবস্থানকারী ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর সরদার বলেন, এখানে আমি, আমার মা, স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে ওমরাহ পালন করতে এসেছি। ওমরাহ পালন শেষে দেশে ফেরার জন্য প্রস্তুতি নেওয়ার আগেই এখানকার বিমানবন্দরে ইয়েমেনের ইরানপন্থি হুতিদের প্রাণঘাতী হামলার পর এখানকার পরিস্থিতি ওলট পালট হয়ে গেছে। থাকা-খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই, পরিবার পরিজন নিয়ে এখন মহা বিপদে পড়েছি। ওমরাহ পালন করতে যাওয়া ঈশ্বরদীর ইসমাইল হোসেন শাহ্ জানান ঈশ্বরদীর এই ৫০ জনের মধ্যে বেশ কয়েকজন ৭০ থেকে ৮০ বছর বয়সী নারী-পুরুষ রয়েছেন তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। কবে কখন দেশে ফিরতে পারবো তা আমরা কেউ জানতে পারছি না।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে ঈশ্বরদীর আটকে পড়া এসব হাজীদের বিষয়ে আমরা পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে খোঁজ খবর রাখছি। আশা করছি সংকট কেটে যাবে, তারা শিগগিরই দেশে ফিরতে পারবেন।