গোদাগাড়ীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ, ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌরসভা ও কাঁকনহাট পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল, জামায়াত, এনসিপি ও পলাতক ফ্যাসিস্ট চক্রের একটি অংশ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা জনগণের রক্তের বিনিময়ে অর্জিত শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করতে চায়। তবে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা কোনো অপশক্তিকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবেন না।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদ ও তাদের সহযোগীদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত রয়েছেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক মাহবুব, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহশানুল হক টুকু।
যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা যুবদলের সদস্য মাহফুজুর রহমান ডালিম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ ও সদস্যসচিব বাবু এবং কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরসালান।
এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দীন বিদ্যুৎ, সদস্যসচিব কাওসার আলী, পৌর ছাত্রদলের মোবিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেন।