রাজশাহী কলেজে উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে সেমিনার
রাজশাহী কলেজের গৌরবময় ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে উচ্চশিক্ষার সম্ভাবনা, গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সচেতনতা বাড়াতেÔAn Insight into Higher EducationÕ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজশাহী কলেজে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশের চিকিৎসা পদার্থবিদ্যা (মেডিকেল ফিজিক্স) চর্চার পথিকৃৎ অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স বিভাগের অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারি। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং সেমিনারের আহ্বায়ক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া বলেন, চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে মেডিকেল ফিজিক্সের প্রয়োগ রয়েছে। বিশেষ করে রেডিয়েশন বা বিকিরণ ব্যবহৃত হয়—এমন ক্ষেত্রগুলোতে চিকিৎসা পদার্থবিদ্যার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, চিকিৎসা পদার্থবিদ্যার মূল লক্ষ্য হলো বিকিরণের নিরাপদ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে রোগীর চিকিৎসার মান উন্নত করা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরিতে এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যেন জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
সেমিনারের শেষ পর্যায়ে অধ্যক্ষ উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।