নগরীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ৪৯ ইনজেকশনসহ গ্রেপ্তার ৩
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে শর্টগানের ২৩টি কার্তুজ ও ৪৯টি ইফিডিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বিএল নামে এক আসামি পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় ফয়সাল (১৯) নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায় বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় ফয়সাল, একই এলাকার যুবরাজ (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের সুলতান মাহমুদকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ফয়সালের বসতঘরে তল্লাশি চালিয়ে শর্টগানের ২৩টি কার্তুজ ও ৪৯টি ইফিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক আসামি বিএলের সহায়তায় এসব আলামত সংগ্রহ করে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামি বিএলকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।