চলনবিলে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
নাটোরের সিংড়ায় চলনবিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০টিরও বেশি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ধ্বংস করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলনবিলের সাতপুকুরিয়া, ডাহিয়া, বিয়াশ ও পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চায়না দুয়ারি জালে নির্বিচারে মাছ ধরার কারণে চলনবিলের দেশীয় প্রজাতির মাছের পোনা ও ছোট মাছ ব্যাপকভাবে ধরা পড়ছে। এতে মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।