মানসিক স্বাস্থ্য সচেতনতায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনুভূতি প্রকাশের সুযোগ তৈরি এবং মাদকের ভয়াবহ প্রভাব থেকে দূরে থাকার আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনের জন্য স্বাস্থ্য সচেতনতা জরুরি। বিশেষ করে মাদকের ভয়াবহ প্রভাব থেকে দূরে থেকে প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল— ‘বাস্তব অভিজ্ঞতা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন।’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পেশাদার মনোবিজ্ঞানী, কলামিস্ট ও বেতার ব্যক্তিত্ব ড. রুমি শায়লা শারমিন।
তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের সুযোগ তৈরি করা এবং একে অপরের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা প্রয়োজন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানুষের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দেওয়ার ওপরও তিনি জোর দেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. জান্নাতুল জাহান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রাবেয়া খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দোলন চক্রবর্তী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুন্নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সবুজ কুমার মহন্ত এবং যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।