বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক ১৩ অক্টোবর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ অক্টোবর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
নগরীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজপাড়া থানার ৮ নম্বর ওয়ার্ডে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের এলাকা ও সরকারি বিভাগীয় গ্রন্থাগারের আশপাশে এ কর্মসূচি পালন করা হয়।


দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান। কর্মসূচি পরিচালনা করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ।


অভিযানে ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


লিফলেটে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন বা পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়; এ জন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।


কর্মসূচিতে রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৌফিকুর রহমান রতন, রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি মিল্টন, কোষাধ্যক্ষ তানভীর সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলুসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভিসাইড প্রয়োগ, ফগার স্প্রে ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।