শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ১০:২০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ১০:২০ অপরাহ্ন
ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরে পৃথক দুটি দুর্ঘটনায় ৫ জন, নাটোরে ৩ জন, গাজীপুরে ২ জন এবং পঞ্চগড়, মাদারিপুর ও খাগড়াছড়িতে একজন করে তিনজনের মৃত্যু হয়েছে। 


নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।


শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।


জাহেদুল ইসলাম জানান, হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।


এর আগে, গত ২০ অক্টোবর বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়। ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুই দুর্ঘটনা, নিহত ৫

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে কানাইপুরে ট্রাক, বাস, প্রাইভেট কার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হন। তাঁরা সম্পর্কে মা-ছেলে। এর ঠিক এক ঘণ্টা আগে একই মহাসড়কের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হন আরও তিনজন।


বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলো মাগুরার মহম্মদপুর থানার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তাঁর ছোট ছেলে শাওন (৭)। দুর্ঘটনায় সুমি বেগমের স্বামী পলাশ (৩৮) গুরুতর আহত হয়েছেন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুস সালাম।


এর আগে বেলা ৩টার দিকে একই মহাসড়কের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়ুয়াকান্দি এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মাগুরা থেকে ছেড়ে আসা কিং ফিশার নামের একটি লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও চারজন আহত হন।


নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।


পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।


শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়।


একই সময়ে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান এক কাঠমিস্ত্রি।


নিহত নারী জুলেখা বেগম (৫৫) বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী।


গাজীপুরে গাড়ির ধাক্কায় এসআইসহ নিহত ২

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুলিশের এসআই সহ দুইজন নিহত হয়েছে। 


শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে তুমুলিয়া এলাকায় সরকারি শ্রমিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)। 


এ ঘটনায় আহত হয়েছেন,  কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ ওমর (২৮) ও গাড়ি চালক রাব্বি (২৮)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আহিদ মিয়াকে (৪৫) আটক করে পুলিশ। পরে পুলিশের একটি দল তাকে নিয়ে থানায় ফিরছিল।


পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়।


শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সকালে পানছড়ি উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়, পানছড়ি থেকে খাগড়াছড়ির দিকে যাওয়ার পথে একটি সিএনজি অপর একটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনের চাকা খুলে যায়।


এতে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় সিএনজিতে থাকা শিশু তানিয়া আক্তার ও বিজিবি সদস্য নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়া আক্তারকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


মাদারীপুরে কারের ধাক্কায় হোটেল ব্যবসায়ী নিহত

মাদারীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। 


শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত সেলিম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি শহরের ‘হোটেল মেট্রো’ নামে আবাসিক হোটেলের মালিক ছিলেন।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন, বাংলানিউজ, রাইজিংবিডি