নাঈমের অপরাজিত ১৭১, প্রথম ইনিংসে ঢাকার সংগ্রহ ২৯৩
নাঈম শেখের অপরাজিত ১৭১ রানের দুর্দান্ত ইনিংসে রাজশাহীর বিপক্ষে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করেছে ঢাকা বিভাগ। ২২৪ বলের ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন ঢাকার এই উদ্বোধনী ব্যাটার। অধিনায়ক মাহিদুল ইসলাম অংকনও অপরাজিত আছেন ৮৪ রানে।
শনিবার (২৪ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ পর্বের ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ও রাজশাহী বিভাগ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল ইসলাম অংকন।
ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। রাজশাহীর সানজামুল ইসলামের বলে উইকেটরক্ষক প্রীতমের হাতে ক্যাচ দিয়ে ১৯ রান করে ফেরেন উদ্বোধনী ব্যাটার আনিসুল ইসলাম। এরপর ওয়ান ডাউনে নামা শিবলীকে নিয়ে ইনিংস এগিয়ে নেন নাঈম। মধ্যাহ্নবিরতির আগে দলের সংগ্রহে যোগ হয় আরও ৪২ রান।
মধ্যাহ্নবিরতির পর ৮৮ রানে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। পায়েলের বলে ওয়াসির হাতে ক্যাচ দিয়ে ১৬ রান করে ফেরেন আশিকুর রহমান। পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে যান মার্শাল আয়ুব। দ্রুত দুই উইকেট হারালেও এরপর আর কোনো সাফল্য পাননি রাজশাহীর বোলাররা।
চতুর্থ উইকেটে নাঈম শেখ ও অধিনায়ক মাহিদুল ইসলাম অংকন অবিচ্ছিন্ন জুটিতে ২০৫ রান যোগ করেন। নাঈম ২২৪ বলে ১৭১ এবং অংকন ৮৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। তাঁদের দৃঢ়তায় ৮৮ রানে ৩ উইকেট হারানোর পর আর কোনো উইকেট পড়েনি ঢাকার।
রাজশাহীর বোলারদের মধ্যে পায়েল ৪১ রান দিয়ে ২টি এবং সানজামুল ইসলাম নয়ন ৬০ রান দিয়ে ১টি উইকেট নেন। দিনের ৮৪তম ওভার শেষে আলোর স্বল্পতার কারণে আম্পায়ার প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করেন।