সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শিবগঞ্জ প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ১০:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ১৪৩টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।


সোমবার (২৬ অক্টোবর) সকালে ৫৩ বিজিবির অধীন মনোহরপুর বিওপির টহল দল এই অভিযান চালায়। ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপির বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে আসা ১৪৩টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


পরে সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপির নিয়মিত টহল দল বালুটুঙ্গী গ্রামে অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করে।


৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দ করা সব মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়া হয়েছে।