সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের কর্মীকে অপহরণ করে টাকা ছিনতাই

ঈশ্বরদী প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের কর্মীকে অপহরণ করে টাকা ছিনতাই

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত সারোয়ার জাহান নামের এক কর্মীর নিকট বারবার চাঁদা চেয়ে না পেয়ে তাকে অপহরণ, মারপিট ও টাকা পয়সা ছিনতাই করে নেওয়ার অভিযোগ করা হয়েছে। 


রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাব মোড় সংলগ্ন পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সারোয়ার জাহান ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত তারেক হাসান রোকনসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী সারোয়ার জাহান ফেনী জেলার দাগনভূঞা উপজেলার প্রতাপপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি বর্তমানে ঈশ্বরদীর দিয়াড় সাহাপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকিম কোম্পানি’তে কর্মরত আছেন।


আহত সারোয়ার জাহান ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যম কর্মীদের জানান, মামলার প্রধান অভিযুক্ত আসামী তারেক হাসান রোকন এবং তিনি একই প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি মাদকাসক্ত হওয়ার অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসায় তারেক হাসানকে চাকরিচ্যুত করে নিকিম কর্তৃপক্ষ। এরপর থেকেই তিনি চাকরি হারানোর পেছনে সারোয়ারকে দায়ী করে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। রোববার সন্ধ্যা ৬ টার দিকে সারোয়ার জাহান তার সহকর্মী মো. মিজানুর রহমান চান্নুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন।


পথিমধ্যে দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে পৌঁছালে রোকনসহ তার সঙ্গে থাকা কয়েকজন পথরোধ করে তাকে লাঠি ও দেশী অস্ত্রের আঘাতে আহত করার পর জোরপূর্বক অপহরণ করে একটি সিএনজিতে তুলে পাকশী বাবু পাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ফের রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন এবং ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। কার্ডের পিন নম্বর না দেওয়ায় তাঁকে পুনরায় মারধর করে এবং জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালায় বলেও অভিযোগ করেন আহত সারোয়ার। এই অবস্থায় প্রাণ বাঁচাতে চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পাকশী পুলিশ ফাঁড়িতে খবর দিলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় জনতা আহত সারোয়ারকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


মোটরসাইকেল চালক চান্নু জানান, হঠাৎ কয়েকজন এসে আমাদের পথরোধ করে মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং জোরপূর্বক সারোয়ারকে তুলে নিয়ে যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, এ ঘটনায় থানায় মামলা নথিভূক্ত করা হয়েছে। অভিযুক্ত প্রধান আসামী তারেক হাসান রোকনসহ ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।