নগরীতে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় গাঁজা সেবনের অভিযোগে দুজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বোয়ালিয়া থানার শিরইল কলোনি এলাকার মৃত খালেকের ছেলে মো. লিটন এবং শাহমখদুম থানার হরিয়াডাইং এলাকার ফুয়াদ আলীর ছেলে মো. সাজিউল ইসলাম।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানায়, অভিযানের সময় ওই দুজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত লিটনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং সাজিউল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করেন।
আরএমপি আরও জানায়, মাদকসংক্রান্ত অপরাধ দমনে মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।