সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

পত্নীতলার জামালপুর গ্রামের কমিউনিটি উদ্যোগে আন্তর্জাতিক স্বীকৃতি

পত্নীতলা প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
পত্নীতলার জামালপুর গ্রামের কমিউনিটি উদ্যোগে আন্তর্জাতিক স্বীকৃতি

নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের জামালপুর গ্রামের ৪৯টি ভূমিহীন পরিবারের সম্মিলিত আবাসন উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। কমিউনিটি-নেতৃত্বাধীন এ উদ্যোগের জন্য গ্রামটি পেয়েছে ÔCollective Housing AwardÕ। ভূমিহীন মানুষের আবাসন সংকট মোকাবিলায় স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পাওয়ায় এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে।


সোমবার (২৬ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত এক আন্তর্জাতিক ফোরামে এ পুরস্কার দেওয়া হয়। প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার (POCAA)-এর মাধ্যমে উদ্যোগটির অভিজ্ঞতা পুরস্কারের জন্য জমা দেওয়া হয়েছিল। ÔCollective Initiatives of the CommunityÕ ক্যাটাগরিতে উদ্যোগটি নির্বাচিত হয়।


দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের নওগাঁ কার্যালয়ের এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন জানান, আবাসন সংকটে থাকা একদল ভূমিহীন মানুষ সম্মিলিত উদ্যোগে নিজেদের ভূমির অধিকার প্রতিষ্ঠা, সঞ্চয়, যৌথ সম্পদের ব্যবহার ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ৪৯টি পরিবার খাসজমিতে নিজেদের ঘর নির্মাণ করেন। তাঁদের এই সম্মিলিত প্রচেষ্টাই আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।


পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইয়োসানান ওয়ংসাওয়াত এবং জাতিসংঘের মানববসতি কর্মসূচি ইউএন-হ্যাবিটাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ উপস্থিত ছিলেন বলে জানান আসির উদ্দিন।


পত্নীতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, “জামালপুরের মানুষের এই অর্জন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও বাংলাদেশের জন্য গর্বের। এটি প্রমাণ করে, স্থানীয় মানুষের নেতৃত্ব, সম্মিলিত উদ্যোগ ও নিজস্ব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টান্ত গড়ে তোলা সম্ভব।”


জামালপুর গ্রামের এই উদ্যোগ দেখিয়েছে, সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্তের মাধ্যমে ভূমিহীন মানুষের আবাসন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব। আন্তর্জাতিক এ স্বীকৃতি স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।