বদলগাছীতে ৬৩ গ্রাম পুলিশের হাতে নতুন বাইসাইকেল
গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারে নওগাঁর বদলগাছীতে ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে বিনা মূল্যে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ জনপদের নিরাপত্তা রক্ষা ও দ্রুত তথ্য আদান-প্রদানে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন বাইসাইকেল তাঁদের কর্মতৎপরতা বাড়াবে। এর ফলে তাঁরা দ্রুত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দায়িত্ব পালন এবং প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবেন।
বক্তব্য শেষে সংসদ সদস্য গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন। পরে তিনি নিজেই একটি বাইসাইকেল চালিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।
নতুন বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করেন। তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে গ্রাম পুলিশ সদস্যদের চলাচল সহজ হবে এবং প্রত্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।