সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

বদলগাছী উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন

বদলগাছী প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
বদলগাছী উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন

নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্যের জন্য বরাদ্দ করা পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা পরিষদের পুরোনো ভবনে ফিতা কেটে কক্ষটির উদ্বোধন করেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।


সরকারি নির্দেশনা অনুযায়ী, উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে কক্ষটি প্রস্তুত করা হয়েছে।


উদ্বোধনকালে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “এই পরিদর্শন কক্ষটি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় আরও জোরদার করবে। এখন থেকে এলাকার সর্বস্তরের মানুষ এখানে এসে সরাসরি তাঁদের বিভিন্ন সমস্যা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করতে পারবেন।”


তিনি আরও বলেন, কক্ষটি সরকারি কার্যক্রমের গতিশীলতা বাড়াতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য নির্দিষ্ট পরিদর্শন কক্ষ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, এর ফলে সাধারণ মানুষ নিজেদের দাবি-দাওয়া, অভাব-অভিযোগ ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন।


অনুষ্ঠান শেষে দেশের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।