শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

নগরীতে ৫২ বোতল ব্রনকফ-সি সিরাপ উদ্ধার, প্রাইভেট কার ও সিলার মেশিন জব্দ

সোনার দেশ ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন
নগরীতে ৫২ বোতল ব্রনকফ-সি সিরাপ উদ্ধার, প্রাইভেট কার ও সিলার মেশিন জব্দ

আরএমপি নিউজ: রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল নেশাজাতীয় ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার ও ১টি সিলার মেশিন জব্দ করা হয়।


শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মহানগর ডিবি পুলিশ বোয়ালিয়া থানার উপশহর এলাকায় পলাতক আসামি মাসুমের ভাড়া বাসার সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দামকুড়া থানার জাংগালপাড়া গ্রামের মো: আ: মান্নানের ছেলে এবং বর্তমানে উপশহর এলাকায় বসবাসরত মাসুম আলী (৪৩), একই গ্রামের মান্নানের ছেলে রমজান (৩৫)সহ আরও ২/৩ জন একটি প্রাইভেট কারযোগে পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশ তাদের ধাওয়া করলে তারা কেশবপুর দক্ষিণপাড়া (নদীর ধার) এলাকায় প্রাইভেট কারটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৫২ বোতল ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি সিলার মেশিনসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়।


উল্লেখ্য, পলাতক আসামি মাসুম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানাসহ রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী, নাটোর জেলার বড়াইগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক ২২টি মামলা এবং দামকুড়া থানায় পেনাল কোড আইনে ১টি মামলা রয়েছে। অপর পলাতক আসামি রমজানের বিরুদ্ধে দামকুড়া থানায় পেনাল কোড আইনে ১টি মামলা রয়েছে।


এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অজ্ঞাতনামা ও পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।