বুধবার, নভেম্বর ১১, ২০২৬

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সোনার দেশ ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ১২:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ১২:০৭ অপরাহ্ন
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে সড়কে অবস্থান নেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলসংলগ্ন বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।


কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।


অগ্নিকাণ্ডের স্থানটির আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বাইরে বেরিয়ে সড়কে অবস্থান নেন বলে জানা গেছে।


এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ পর্যটকের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন