সিঙ্গাপুরে শ্রমিক অধিকার নিয়ে কথা বলে বিতর্কে বাংলাদেশি
সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের মজুরি ও অধিকার নিয়ে কথা বলার পর ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে বিতর্কে জড়িয়েছেন এক বাংলাদেশি কর্মী।
রিপন চৌধুরী নামে এ প্রবাসী ১৬ বছর ধরে দেশটিতে কাজ করছেন। তার কাজের নবায়ন আবেদন প্রত্যাখ্যান করেছে জনশক্তি মন্ত্রণালয়। তবে এ সিদ্ধান্তের কারণ জানতে চাওয়ার পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় কয়েকটি দাবি তুলেছেন তিনি।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অনলাইন সিটিজেন’ (টিওসি) সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রিপন ২০১০ সালে সিঙ্গাপুরে কাজ শুরু করেন। ২০১২ সাল থেকে দেশটির সামুদ্রিক শিল্পপ্রতিষ্ঠান সিট্রিয়ামে পাইপ ফিটার হিসেবে কর্মরত তিনি। পাশাপাশি ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর’ (এমডব্লিউএস) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন।
রিপনের বক্তব্য ও শ্রমিকদের অধিকার নিয়ে করা একটি অনলাইন পিটিশনকে কেন্দ্র করে সম্প্রতি সিঙ্গাপুরের সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। এর জবাবে তিনি বলেছেন, “শ্রমিক হিসেবে নিজের অধিকার নিয়ে প্রশ্ন তোলা মানে সিঙ্গাপুরের নিয়ম পরিবর্তনের দাবি করা নয়।”
শনিবার ‘ফিউচার অব সিঙ্গাপুর’ নামের একটি ফেইসবুক পেজে রিপনের বক্তব্য ও পিটিশনের সমালোচনা করে পোস্ট দেন পেইজটির পরিচালনাকারী রিচার্ড ওয়েং। তিনি সিঙ্গাপুরের ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সমর্থক।
ওই পোস্টে ওয়েং জানান, অভিবাসী শ্রমিকদের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। তবে কেউ ব্যক্তিগত স্বার্থে সিঙ্গাপুরের নিয়ম পরিবর্তনের চেষ্টা করলে তা গ্রহণযোগ্য নয়। রিপনের একটি ভিডিও এবং শ্রমিকদের অধিকার নিয়ে করা তার পিটিশনকে তিনি এ ধরনের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
রিপনের ওই ভিডিওতে একজন অভিবাসী শ্রমিকের মাসিক প্রায় ৪০০ সিঙ্গাপুরি ডলার আয়ের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর মাসিক ১ লাখ ৮৩ হাজার ডলার বেতনের তুলনা করা হয়। ভিডিওতে বলা হয়, “একজন শ্রমিকের এক মাসের আয় দিয়ে প্রধানমন্ত্রীর এক বছরের বেতনের সমপরিমাণ অর্থ উপার্জন করতে প্রায় ৭৭০ বছর লাগবে।”
ভিডিওর এই হিসাবের সমালোচনা করে ওয়েং বলেন, “৪০০ ডলার হলো অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও অন্যান্য ভাতা বাদে মূল বেতন।” ২০২৪ সালে রিপন নিজেই অভিবাসী শ্রমিকদের গড় মাসিক আয় ৮০০ থেকে ৯০০ ডলার বলে উল্লেখ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ট্রানজিয়েন্ট ওয়ার্কার্স কাউন্ট টু’ (টিডব্লিউসি২)-এর ২০২৬ সালের একটি জরিপের তথ্য তুলে ধরেন ওয়েং। তার দেওয়া তথ্য অনুযায়ী, “ভাতাসহ শ্রমিকদের গড় মাসিক আয় ৯৭৬ ডলার। সামুদ্রিক শিল্প খাতে অতিরিক্ত কাজের পারিশ্রমিক বাদে এই আয় ৫৬৭ ডলার।”
রিপনের অনলাইন পিটিশনে কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ দুই বছর বাড়ানো, নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হলে সংশ্লিষ্ট শ্রমিককে তার কারণ জানানো এবং সরকারের সমালোচনা করার কারণে শ্রমিকেরা যাতে আইনি সুরক্ষা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা।
ওয়েংয়ের মতে, এসব দাবি সিঙ্গাপুরের কাছে বিশেষ সুবিধা চাওয়ার শামিল। তার বক্তব্য, “দেশটিতে কাজের অনুমতি পাওয়া স্থায়ী কোনো অধিকার নয়, বরং সরকারের দেওয়া একটি সুযোগ। দীর্ঘদিন কাজ করলেও কারও জন্য এই সুযোগ স্থায়ী হয়ে যায় না।”
তবে সমালোচনার জবাবে রিপন বলেছেন, “তিনি কখনও সিঙ্গাপুর পরিচালনার দাবি করেননি। একজন শ্রমিক হিসেবে নিজের এবং অন্য শ্রমিকদের সমস্যাগুলো তুলে ধরেছেন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জবাবে তিনি জানান, সিঙ্গাপুরে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি এবং অভিবাসী শ্রমিকদের স্থানীয় সমাজের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন। এসব উদ্যোগকে আগে ইতিবাচকভাবে দেখা হলেও মজুরি, শ্রমিকের মর্যাদা ও বৈষম্য নিয়ে কথা বলার পরই তাকে ‘দেশটির নিয়ম পরিবর্তনের চেষ্টা’ করছেন বলে অভিযোগ করা হচ্ছে।
রিপনের প্রশ্ন, ১৬ বছর কাজ করার পর তার ওয়ার্ক পারমিট নবায়ন না হওয়ার কারণ জানতে চাওয়া অন্যায় কি না। কর্মক্ষেত্রে কোনো সমস্যা বা অনিয়ম নিয়ে কথা বললে শ্রমিকদের শাস্তির মুখে পড়ার আশঙ্কা থাকলে তাদের সুরক্ষার দাবি জানানোও অযৌক্তিক নয় বলে মনে করেন তিনি।
ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে যা ঘটেছিল
টিওসির প্রতিবেদন অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সব শ্রমিকের জন্য মাসে ২ হাজার সিঙ্গাপুরি ডলার ন্যূনতম মজুরি চালুর দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন রিপন। এর কয়েক দিন পর, ১ অক্টোবর সিট্রিয়ামের মানবসম্পদ বিভাগ তাকে জানায়, তার ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়।
টিওসি জানিয়েছে, তাদের হাতে সিট্রিয়ামের ১ অক্টোবর তারিখের একটি পদত্যাগপত্র এসেছে। সেখানে চাকরি ছাড়ার কারণ হিসেবে ‘ওয়ার্ক পারমিট নবায়নের যোগ্য নন’ উল্লেখ করা হয়েছে। তবে ওই পদত্যাগপত্রে সই করতে রাজি হননি রিপন।
এরপর ২৬ অক্টোবর এমডব্লিউএসসহ ২৪টি সংগঠন রিপনের ওয়ার্ক পারমিট নবায়নের অনুরোধ জানিয়ে জনশক্তি মন্ত্রণালয়ে চিঠি দেয়। মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার এবং সিট্রিয়াম এমপ্লয়িজ ইউনিয়ন জানিয়েছে, কাজের অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জনশক্তি মন্ত্রণালয়ের।
এ ছাড়া ১৯ অক্টোবর একজন সংসদ সদস্যের মাধ্যমে পাঠানো পৃথক একটি আবেদন পাওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। ৬ নভেম্বর পর্যন্ত রিপনের ওয়ার্ক পারমিট নবায়নের দাবিতে করা অনলাইন পিটিশনে ১ হাজার ৯৬০ জন স্বাক্ষর করেছেন। আগামী ২১ নভেম্বর রিপনের বর্তমান ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার কথা।
রিপনের ঘটনার সঙ্গে ২০২২ সালে আরেক বাংলাদেশি কর্মী জাকির হোসেনের ওয়ার্ক পারমিট নবায়ন না হওয়ার ঘটনারও তুলনা করা হচ্ছে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জাকিরের কিছু পোস্টকে ‘বিভ্রান্তিকর, মিথ্যা বা ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক’ আখ্যা দিয়ে ওয়ার্ক পারমিট নবায়ন না করার কারণ জানিয়েছিল সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়।
টিওসি জানিয়েছে, রিপনের বিষয়ে জনশক্তি মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন পাঠিয়ে ৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে জবাব চাওয়া হয়েছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মন্ত্রণালয়ের কোনো জবাব পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বিডিনিউজ