মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

শরীয়তপুরে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের মিছিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

সোনার দেশ ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
শরীয়তপুরে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের মিছিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত ২৫টি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।  এসময় কয়েকজনকে আটক করা হয়। 


সোমবার (৯ নভেম্বর) মধ্যরাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা ও সংলগ্ন এক্সপ্রেসওয়ে অবরোধ করে মিছিল করেন তারা। ফলে টোলপ্লাজার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় এবং পদ্মা সেতু ও সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে জড়ো হন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে টোলপ্লাজার সামনে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা তাদের অবস্থানের কারণে টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে। এতে সেতু পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অবস্থান কর্মসূচি চলাকালে প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও প্রায় ২৫টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে পুলিশের তৎপরতায় অবরোধকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। 


শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘উধহরন ইরহ ওয়নধষ’-এর ফেসবুক আইডিসহ একাধিক অ্যাকাউন্টে এ কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বৈঠা হাতে বিপুলসংখ্যক নেতাকর্মীকে টোলপ্লাজার সামনে অবস্থান নিতে দেখা যায়। এসময় তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে দেখা যায়।


এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মুঠোফোনের অডিওতে সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এনামুল হক শামীম বলেন, “আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা শরীয়তপুরে পদ্মা সেতু ব্লকেড কর্মসূচি পালন করেছেন। যারা এ কর্মসূচি পালন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”


এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, “মধ্যরাতে অবরোধ করতে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। জড়িত সবার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


তথ্যসূত্র: রাইজিংবিডি