দুর্গাপুরে ১০০ টাকায় মিলছে ব্যাগভর্তি সবজি
রাজশাহীর দুর্গাপুরে শীতকালীন সবজির বাজারে ব্যাপক দরপতন দেখা দিয়েছে। মাত্র ১০০ টাকায় ব্যাগভর্তি বিভিন্ন ধরনের সবজি কিনতে পারছেন ক্রেতারা। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫ থেকে ২৫ টাকায়। এমনকি কাঁচামরিচও মিলছে ২০ থেকে ২৫ টাকা কেজিতে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের অভিযোগ, মাঠ থেকে সবজি তুলে বাজারে বিক্রি করেও শ্রমিকের মজুরি উঠছে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুর্গাপুর উপজেলার সিংগা হাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অনেক কমেছে। সিংগা হাটে প্রতি কেজি ফুলকপি পাইকারিতে ১০ টাকা ও খুচরায় ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা পিস, টমেটো ৩০ টাকা, করলা পাইকারিতে ১৫ ও খুচরায় ২০ থেকে ২৫ টাকা, কচু পাইকারিতে ২০ ও খুচরায় ৩০ টাকা, পটোল পাইকারিতে ৮ ও খুচরায় ১৫ টাকা এবং ঢ্যাঁড়স পাইকারিতে ২০ ও খুচরায় ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শিম ৩০ টাকা, মূলা ২৫ টাকা, পেঁপে ১০ টাকা, কাঁচামরিচ ২৫ টাকা এবং চালকুমড়া প্রতিটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। লালশাক, পালংশাক ও পুঁইশাকের মতো শাক মিলছে প্রতি মুঠা ১০ টাকায়।
সিংগা হাটে ফুলকপি বিক্রি করতে আসা চুনিয়াপাড়া গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, ‘দুই মণ ফুলকপি নিয়ে বাজারে এসেছি। প্রতি মণ মাত্র ৭০০ টাকা দরে পাইকারি বিক্রি করছি। অর্থাৎ কেজিপ্রতি দাম পড়ছে ১৭ টাকার মতো। অথচ মাঠ থেকে ফুলকপি তোলা, পরিবহন ভাড়া ও হাটের খাজনাসহ সব মিলিয়ে আমার খরচ হয়েছে ৪৬০ টাকা। এভাবে বিক্রি করলে উৎপাদন খরচই উঠবে না।’ তিনি জানান, মৌসুমের শুরুর দিকে ফুলকপির ভালো দাম পেয়েছিলেন। এখন দাম পড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন।
বাজারে সবজি বিক্রি করতে আসা আরও কয়েকজন কৃষক জানান, শীত মৌসুমে প্রচুর সবজি উৎপাদন হয় বলে এ সময় দাম কিছুটা কম থাকে। তবে এবার দাম অস্বাভাবিকভাবে কমেছে। বাজারে বিভিন্ন ধরনের সবজির আধিক্যে কৃষকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়বে।
অন্যদিকে বাজারে সবজি কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, ২০ টাকার মধ্যেই এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে। আগে যেসব সবজি কেজিপ্রতি ৫০ টাকা বা তার বেশি দামে কিনতে হতো, সেগুলো এখন ২০ টাকার নিচেও মিলছে। মাত্র ১০০ টাকায় ব্যাগভর্তি সবজি কেনা যাচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বাজার খরচ কিছুটা কমেছে।
সচেতন মহলের মতে, বাজারে পণ্যের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা যেমন জরুরি, তেমনি কৃষক ও ব্যবসায়ীদের উৎপাদন খরচ এবং ন্যায্য মুনাফা নিশ্চিত করাও প্রয়োজন। কারণ উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেলে কৃষকেরা ভবিষ্যতে সবজি চাষে আগ্রহ হারাতে পারেন। তাই ক্রেতার স্বস্তি ও কৃষকের ন্যায্য দাম—দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বাজারব্যবস্থায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।