মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

ঈশ্বরদীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা ছাত্রলীগের

ঈশ্বরদী প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা ছাত্রলীগের

পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।


সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে লালন শাহ সেতুর টোল প্লাজা থেকে কিছুটা দূরে গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।


ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া ওই ভিডিও চিত্রে দেখা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মাস্ক পরা কিছুসংখ্যক নেতা-কর্মী টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দেয় তারা। মিছিলে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালসহ স্থানীয় নেতৃবৃন্দের সমর্থনেও তারা স্লোগান দেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে একদল ছাত্রলীগ কর্মী হঠাৎ লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এতে সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে পুলিশ পৌঁছার আগেই মিছিলকারীরা এলাকা ছেড়ে চলে যায়। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’