রানীনগরে ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
নওগাঁর রানীনগরে ব্যবসায়ীকে পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রানীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মো. শফিকুল ইসলাম ওরফে সবুজ কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের মো. শাকিল ইসলাম (২৭)।
এসআরবি সূত্রে জানা গেছে, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী জয়নক মো. রফিকুল ইসলাম (৪৭) তাঁর সহযোগী ব্যবসায়ী জয়নক মো. আনিছুর প্রামাণিক ও মো. জুয়েল হোসেনকে নিয়ে একটি ভ্যানচালকসহ রানীনগর থেকে সুপারি কেনার উদ্দেশ্যে আত্রাই হাটে যাচ্ছিলেন। পথে রানীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের চকের ব্রিজ নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী তাঁদের ভ্যানের গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ব্যবসায়ীদের পেটে ঠেকিয়ে হত্যার ভয় দেখায় এবং মারধর করে। পরে তাঁদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা ও আনুমানিক ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহত রফিকুল ইসলাম স্থানীয়দের সহায়তায় রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে রানীনগর থানায় মামলা করেন। মামলাটি ৪ জুন দায়ের করা হয়।
ঘটনার পরপরই এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-২ ও নাটোর ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত ও তথ্য সংগ্রহ শুরু করে। এর ধারাবাহিকতায় এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-২ এবং এসআরবি-৪-এর নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিরা ঢাকার আশুলিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন।
এরপর ৯ নভেম্বর রাত ৭টা ৩০ মিনিট ও ৮টা ৪৫ মিনিটে ঢাকার আশুলিয়া থানার মোজার মিল ও ইপিজেড মোড় এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মামলার প্রধান আসামি মো. শফিকুল ইসলাম ওরফে সবুজ কাজী এবং অপর প্রধান আসামি মো. শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইয়ের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। শফিকুলকে রানীনগর থানায় এবং শাকিলকে ঢাকার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।