মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

বাঘায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু, ২ হাজার টাকা জরিমানা

বাঘা প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
বাঘায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু, ২ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে রনি কর্মকার নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে কোচিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার আড়ানী মাস্টারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যা। এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নির্দেশনা ও নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার নেওয়া হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা প্রশাসকের স্বাক্ষরিত ১১ অক্টোবর ২০২৬ তারিখের গণবিজ্ঞপ্তিতে ১৩ অক্টোবর থেকে জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্দেশ কার্যকর রাখার কথা বলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যা বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলার সব কোচিং সেন্টার পরিচালনাকারীকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।