শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ০১:০৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ০১:০৩ অপরাহ্ন
ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা কালচাঁন শেখ (৩৪) নামে এক ব্যক্তি শ্বাসরোধে মারা গেছেন বলে জানা গেছে। সোমবার (৯ নভেম্বর) মধ্যরাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।


বাসে আগুন লাগার পেছনে কোনো দুষ্কৃতকারী আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। 

নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় ওই বাসটির চালক ছিলেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, রাতে খাবার খেয়ে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা নিজের বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচাঁন। মধ্যরাতে বাসটিতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে বাসের ভেতর ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। ঘুমন্ত অবস্থায় ধোঁয়ায় শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।  পরে কালাচাঁন শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সোহেল রানা জানান, “রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। বাসে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি