শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নারীকে কেন্দ্র করে বিরোধ, সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

সোনার দেশ ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
নারীকে কেন্দ্র করে বিরোধ, সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. রনি (৪১) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে মিজমিজি তারা মার্কেট এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রনি। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ওই নারীকে নিয়ে প্রশ্ন করা ও কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে এলোপাথাড়ি আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


স্থানীয়দের দাবি, রনির পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়।


এদিকে ঘটনার পর আল আমিন ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন বলে জানান স্থানীয়রা। তাদের ভাষ্য, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করেন কয়েকজন। এ সময় তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার দু-এক দিন আগেও রনির সঙ্গে আল আমিনের বিরোধ হয়েছিল। 


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে নারীকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আল আমিনকে আটক করা হয়েছে।


ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণসহ বিস্তারিত জানানো হবে।


তথ্যসূত্র: ঢাকাপোস্ট