শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

চট্টগ্রামে গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে

সোনার দেশ ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন
চট্টগ্রামে গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে
জাহাঙ্গীর আলমকে রবিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে নেওয়া হয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়ার পর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  


রোববার (১৫ নভেম্বর) বিকেলে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। 


ওই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমকে শনিবার রাতে গ্রেপ্তারের পর রবিবার বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


পুলিশ সুপার জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বাস করতেন।  


তথ্যসূত্র: রাইজিংবিডি