শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পঞ্চগড়ের বোদায় শিক্ষা মেলা অনুষ্ঠিত, অংশ নিল শ্রীলঙ্কার যুব প্রতিনিধিদল

পঞ্চগড় প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন জাতীয়
পঞ্চগড় প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
পঞ্চগড়ের বোদায় শিক্ষা মেলা অনুষ্ঠিত, অংশ নিল শ্রীলঙ্কার যুব প্রতিনিধিদল

পঞ্চগড়ের বোদা উপজেলায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে সামাজিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দিনব্যাপী ‘শিক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রায় ৫০টি স্টলে শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবেশ ও জীবনমুখী বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এতে বিশেষ আকর্ষণ ছিল শ্রীলঙ্কার একটি যুব প্রতিনিধিদলের অংশগ্রহণ।


রোববার (১৫ নভেম্বর) বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের (বিবিএফ) আয়োজনে, গণস্বাক্ষরতা অভিযানের অর্থায়নে এবং ইয়ুথ ফোরাম ও ইয়ুথ এগেইনস্ট হাংগারের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন বোদা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।


মেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা, সামাজিক ও যুব সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রায় ৫০টি স্টল স্থাপন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, যুব প্রতিনিধি, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ব্র্যাক স্বপ্ন সারথি কেন্দ্র, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, ইউসিবি ব্যাংক, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, স্কাউটস বোদা, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।


স্টলগুলোতে শিক্ষার্থীদের হাতে তৈরি শিক্ষা উপকরণ, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন, আনন্দময় শিখন পদ্ধতি, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যশিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নের নানা উদ্যোগ প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও বাস্তবমুখী শিক্ষার চিত্র ফুটে ওঠে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, প্রাণিসম্পদ উন্নয়ন, ডিজিটাল দক্ষতা ও জীবনমুখী শিক্ষার বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়।


এবারের মেলার অন্যতম আকর্ষণ ছিল নবম বাংলাদেশ-শ্রীলঙ্কা যুব বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী শ্রীলঙ্কার যুব প্রতিনিধিদলের উপস্থিতি ও বিশেষ পরিবেশনা। তারা নিজেদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি, জীবনধারা, যুব কার্যক্রম ও সৃজনশীল উদ্যোগ তুলে ধরেন। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ভাববিনিময়ের সুযোগ তৈরি হয়।


এ ছাড়া গ্রামীণ নারীদের তৈরি বাহারি ও ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রয় দর্শনার্থীদের আকৃষ্ট করে। এতে স্থানীয় নারীদের সৃজনশীলতা, দক্ষতা ও ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতি তুলে ধরা হয়। চিত্রশিল্পী ফিরোজাল সাভার ও মোসাম্মৎ নানজিবা ইসলামের চিত্রকর্ম প্রদর্শনীও মেলায় বাড়তি মাত্রা যোগ করে। পাশাপাশি যুবসমাজের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবামূলক কাজে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।


আয়োজকেরা জানান, শিক্ষাকে পাঠ্যবই ও শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের প্রতিভা ও সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করাই এ মেলার মূল উদ্দেশ্য। আনন্দময়, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয়, পরিবার, সমাজ, সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেও এ আয়োজন করা হয়েছে। বিশেষ করে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশু, ঝরে পড়া শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তাঁরা।