সংসদে কৃষকদের ‘অশিক্ষিত-মূর্খ’ বলে বিতর্ক, শব্দ এক্সপাঞ্জ করলেন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদে খাদ্য গুদামে ধান বিক্রির অনলাইন আবেদন জটিলতা নিয়ে আলোচনাকালে কৃষকদের সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের বিরুদ্ধে। পরবর্তীতে চিফ হুইপের আপত্তির মুখে সংসদীয় কার্যবিবরণী থেকে বিতর্কিত ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ (বাতিল) করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
খাদ্য গুদামে অনলাইনে ধান বিক্রির প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দেশের বেশিরভাগ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ। ফলে তাদের পক্ষে অনলাইনে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা ও গুদামে ধান পৌঁছানো সহজ হয় না।
এমপির এই বক্তব্যের পরপরই চিফ হুইপ মো. নূরুল ইসলাম সংসদ সদস্যদের শব্দচয়ন ও ভাষার ব্যবহারে কঠোর সতর্ক থাকার আহ্বান জানান। তিনি যুক্তি দেন, দেশের কৃষকদের হয়তো প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা বা দাপ্তরিক কাগজপত্র বুঝতে সমস্যা থাকতে পারে, তবে তাঁরা কোনোভাবেই ‘মূর্খ’ নন। কৃষকদের অবদান তুলে ধরে তিনি সংসদীয় কার্যবিবরণী থেকে শব্দটি বাদ দেওয়ার অনুরোধ জানান।
চিফ হুইপের বক্তব্যের সঙ্গে পূর্ণ একমত পোষণ করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পর্যবেক্ষণ দেন যে, অনলাইন জটিলতা নিয়ে করা প্রশ্নটি যুক্তিসঙ্গত হলেও ব্যবহৃত ভাষাটি আরও মার্জিত হওয়া উচিত ছিল। এরপর তিনি সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ ঘোষণা করেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি