শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

সোনার দেশ ডেস্ক ১৭ নভেম্বর ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ নভেম্বর ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
মওলানা আবদুল হামিদ খান ভাসানী

বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে তিনি মারা যান। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।


দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন।


এরপর ভাসানীর পরিবারের সদস্য, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দেশের অন্যান্য স্থানেও সামাজিক ও রাজনৈতিক উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে।


এদিকে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এ উপলক্ষে শনিবার দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে সদস্যসচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে।


১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও জীবনের বড় একটি অংশ তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর ও যৌবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দীর্ঘদিন তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।


ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মওলানা ভাসানী আজীবন মেহনতি ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। কৃষক, শ্রমিক, জেলে, মজুর, কামার, কুমার, তাঁতিসহ খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই করেছেন তিনি। এ কারণেই তিনি মজলুম জননেতা হিসেবে পরিচিতি লাভ করেন। প্রজন্ম থেকে প্রজন্মে সাধারণ মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন এই জননেতা।


তথ্যসূত্র: রাইজিংবিডি