কৃষকদল নেতার বাড়িতে মিললো কোটি টাকার শিবলিঙ্গ
মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার হিন্দা গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। প্রতিকেজি কষ্টিপাথরের মূল্য এক লাখ টাকা হিসেবে এর আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান ফয়েজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কৃষকদলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
উদ্ধার করা শিবলিঙ্গটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: জাগোনিউজ