শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নিজ উদ্যোগে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করলেন শিক্ষক আব্দুর রাজ্জাক

মো. মিজানুর রহমান, পঞ্চগড় ১৭ নভেম্বর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন জাতীয়
মো. মিজানুর রহমান, পঞ্চগড় ১৭ নভেম্বর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
নিজ উদ্যোগে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করলেন শিক্ষক আব্দুর রাজ্জাক

শিক্ষকতা মানেই শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়। ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও উদ্ভাবনী চিন্তা থাকলে একজন শিক্ষক বদলে দিতে পারেন পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ফুলবাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মো. আব্দুর রাজ্জাক। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ওপর নির্ভর না করে অনলাইনে নিজ উদ্যোগে তথ্যপ্রযুক্তির দক্ষতা অর্জন করে তিনি তৈরি করেছেন ‘স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার’। এর মাধ্যমে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষক-শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ, সম্পদের হিসাব এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নিয়েছেন তিনি।


জানা যায়, ২০০০ সালের ২১ মে সাতমেড়া ফুলবাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন আব্দুর রাজ্জাক। শিক্ষকতার পাশাপাশি তথ্যপ্রযুক্তির প্রতি তাঁর আগ্রহ ছিল বরাবরই। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ না পেলেও অনলাইন টিউটোরিয়াল ও বিভিন্ন মাধ্যম থেকে নিজে নিজে সফটওয়্যার এবং ওয়েবসাইট তৈরির কৌশল শেখেন। ২০১৯ সাল থেকে বিদ্যালয়ের কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চিন্তা শুরু করেন তিনি। বিশেষ করে পরীক্ষার ফলাফল প্রকাশের প্রচলিত পদ্ধতিকে সহজ, দ্রুত ও শিক্ষার্থী-অভিভাবকবান্ধব করার লক্ষ্য থেকেই সফটওয়্যার তৈরির পরিকল্পনা নেন।


পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয় ২০২৩ সালে। ওই বছর বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রথমবারের মতো সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা-২০২৬-এর ফলাফলও অনলাইনে প্রকাশ করা হয়েছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ে না এসেও নিজেদের ফলাফল জানার সুযোগ পাচ্ছেন।


সফটওয়্যারটির বিশেষত্ব শুধু ফলাফল প্রকাশেই সীমাবদ্ধ নয়। বিদ্যালয়ের পরিচিতি, প্রতিষ্ঠার ইতিহাস, প্রতিষ্ঠাতার নাম, শিক্ষক-শিক্ষিকাদের পরিচিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এতে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের আসবাবপত্র, শিক্ষা উপকরণ, নথিপত্র ও অন্যান্য সম্পদের হিসাবও ডিজিটালভাবে সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পৃথক পরিচিতি এবং আইডি কার্ড ব্যবস্থাপনার সুবিধাও যুক্ত করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের বিভিন্ন ফি, চাঁদা ও অন্যান্য আর্থিক আদায়ের হিসাব সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে।


সফটওয়্যারটির অন্যতম আকর্ষণ শিক্ষার্থীদের জন্য পৃথক ড্যাশবোর্ড। বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীর নিজস্ব ড্যাশবোর্ড থাকায় তারা নিজেরা কিংবা অভিভাবকেরা প্রয়োজনীয় তথ্য ও পরীক্ষার ফলাফল সহজেই দেখতে পারবেন। এতে ফলাফল সংগ্রহের জন্য বিদ্যালয়ে বারবার যাওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য একটি সমন্বিত ব্যবস্থায় সংরক্ষণের সুযোগ তৈরি হয়েছে।


শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে এমন প্রযুক্তির ব্যবহার সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি তথ্য ব্যবস্থাপনাকে আরও গোছানো করতে পারে। বিশেষ করে শিক্ষার্থীর ফলাফল, পরিচিতি, প্রতিষ্ঠানের সম্পদ ও আর্থিক হিসাব একই প্ল্যাটফর্মে রাখার সুযোগ বিদ্যালয়ের প্রশাসনিক কাজে নতুন মাত্রা যোগ করেছে।


শিক্ষক আব্দুর রাজ্জাকের এ উদ্যোগের তাৎপর্য এখানেই যে, তিনি নিজের আগ্রহ ও আত্মপ্রচেষ্টায় অর্জিত প্রযুক্তিগত জ্ঞানকে শুধু ব্যক্তিগত দক্ষতা হিসেবে সীমাবদ্ধ রাখেননি; বরং তা কাজে লাগিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে। তাঁর এই উদ্যোগ অন্যান্য বিদ্যালয়েও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর ক্ষেত্রে অনুপ্রেরণা হতে পারে।