শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রুয়েটে নবনিযুক্ত ৪৭ প্রভাষকের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

সপ্তাহব্যাপী প্রশিক্ষণে পাঠদান, গবেষণা ও একাডেমিক নৈতিকতার ওপর গুরুত্ব
রাবি প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
রুয়েটে নবনিযুক্ত ৪৭ প্রভাষকের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অষ্টম ব্যাচের এ প্রশিক্ষণ শুরু হয়। প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।


নবনিযুক্ত শিক্ষকদের পাঠদানে দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় প্রাতিষ্ঠানিক উন্নয়নে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে আউটকাম-ভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রণয়ন, ব্লুমস ট্যাক্সোনোমি, গবেষণা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক সুশাসন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ও একাডেমিক নৈতিকতার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং গবেষণা তহবিল সংগ্রহের কৌশল নিয়েও বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। বিভিন্ন সেশন পরিচালনা করবেন অভিজ্ঞ অধ্যাপকরা।


প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পাঠদান ও শেখার প্রক্রিয়া (টিচিং-লার্নিং প্রসেস) কার্যকর ভূমিকা রাখে। শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের আচরণ ও কথা বলার ধরন পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তাঁরা রুয়েটের শিক্ষার মান আরও উন্নত করতে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম।