শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

তথ্যবিবরণী ১৭ নভেম্বর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ১৭ নভেম্বর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

শুধু জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি নজরদারি বাড়াতে হবে। ভেজালকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী জরিমানা দ্বিগুণ করার উদ্যোগ নিতে হবে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।


বিভাগীয় কমিশনার বলেন, উপজেলা পর্যায়ে ব্যবসায়ীদের নিয়ে নিয়মিত মতবিনিময় ও সচেতনতামূলক সভা করতে হবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যম, টেলিভিশন, স্বল্পদৈর্ঘ্য ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বাড়াতে হবে। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে এসব উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।


সভায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক জানান, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রাজশাহী বিভাগের ৩৪৭টি খাদ্য স্থাপনায় মনিটরিং করা হয়েছে। ৩৭টি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে। এ ছাড়া এ সময়ে বিভাগে ৭৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যবিষয়ক কোর্স অন্তর্ভুক্তির জন্য চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও বিসিক সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। আগামী মাসে স্ট্রিট ফুড ব্যবসায়ীদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।


বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি। আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে। নিপাহ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত মাসে রাজশাহী বিভাগে ১২২টি অভিযান পরিচালনা করা হয়েছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জরিমানা, প্রতিষ্ঠান বন্ধসহ অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ডের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। গত মাসে পাবনায় ভেজাল দুধ তৈরির দায়ে দুটি মামলায় দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


সভায় আসন্ন শীত মৌসুমে খেজুরের গুড় উৎপাদন ও বাজারজাতকরণে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়। রাজশাহীর বাঘা, আড়ানী, চারঘাট এবং নাটোরের লালপুর ও বাগাতিপাড়াসহ সংশ্লিষ্ট এলাকায় গুড় উৎপাদনের সময় রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানোর আশঙ্কা রয়েছে। এ কারণে ইতোমধ্যে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং গুড় উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।


ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করতে হবে। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতায় সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।


সভা শেষে বিভাগীয় কমিশনার ভেজাল ও অনিরাপদ খাদ্য প্রতিরোধে প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।