শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পুঠিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি ফরিদপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ১৭ নভেম্বর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৭ নভেম্বর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
পুঠিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি ফরিদপুরে গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক এজাহারনামীয় এক নম্বর আসামিকে ফরিদপুরের মধুখালী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে র‌্যাব-৫, রাজশাহী এবং র‌্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহীন (৪৭)। তিনি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া ইউনিয়নের বাসিন্দা। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার ৭ নম্বর কামালদিয়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাবের তথ্য অনুযায়ী, পুঠিয়া থানার মামলা নম্বর ১১, তারিখ ১৯ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৪৪৭/৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি শাহীন। মামলার বাদী মো. রবিউল ইসলাম (৪৩)। বাদী ও আসামি পরস্পরের আত্মীয় এবং তাঁদের বাড়ি পাশাপাশি।


ঘটনার সূত্রপাত ১৬ অক্টোবর শাহীনের বড় ছেলের বিয়েকে কেন্দ্র করে। ওই দিন বাদীর স্ত্রীর বড় বোন রোজিয়ার (৪৮) সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। এর জেরে রাত ৭টার দিকে শাহীন ও তাঁর ছেলে মো. স্বাধীন (২০) লোহার হাতুড়ি, জ্বলন্ত আগুন ও কাঠের খড়ি নিয়ে পরিকল্পিতভাবে বাদীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা বাদীর ছেলে রুহুলের (২২) ওপর হামলা চালান। শাহীনের হাতুড়ির আঘাত এবং স্বাধীনের জ্বলন্ত আগুনসহ কাঠের খড়ির আঘাতে রুহুল গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে রুহুলের মৃত্যু হয়।


র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শাহীনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।