ডিজিটাল আসক্তি প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাসিক প্রশাসকের
শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। তবে এর নেতিবাচক দিক সম্পর্কেও সচেতন থাকতে হবে। প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি ক্ষতিকর দিকগুলো পরিহার করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহীর ভিক্টোরিয়া কনভেনশন হলে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল আসক্তি: ইসলামের আলোকে প্রতিকার’ শীর্ষক সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। তাঁর গৃহীত উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজশাহীকে সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মহানগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। এ লক্ষ্য অর্জনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন-বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার মুফাসসির হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ মো. আবুল কাশেম।
এ সময় মা’আরিফুল কুরআন একাডেমীর চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক মো. সৈকত পারভেজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি, ১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মোস্তাকিন পিংকু, যুবনেতা আবির হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবক প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।