ঈশ্বরদীর ৪ হাজার ২৫০ প্রান্তিক কৃষক পেলেন রবি মৌসুমের বীজ ও সার
পাবনার ঈশ্বরদীর ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে কৃষিপ্রণোদনা কার্যক্রমের আওতায় উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, চিনাবাদাম, মশুর, খেসারী ও গম বীজ এবং সার বিতরণ করা হয়।
ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ৪ হাজার ২৫০ জন কৃষকের মধ্যে পৌরসভা এলাকায় ৩৩০, ইউনিয়ন পর্যায়ে সাঁড়া ৪১০, পাকশী ৪৯০, মুলাডুলি ১১০০, দাশুড়িয়া ৮৩০, ছলিমপুর ২৯০, সাহাপুর ৩২০ ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৃষক রয়েছেন ৪৮০ জন।
কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে প্রত্যেক কৃষক সরিষা ১, চিনাবাদাম ১০, মশুর ৫ ও খেসারী বীজ পাবে ৮ কেজি করে। এ ছাড়া ডিএপি ১০ ও এমওপি সার পাবেন ৫ কেজি করে।
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুন্ডু, ধীমান তানভীর স্বাক্ষর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান হিরোকসহ উপকারীভোগী কৃষক ও নারী কৃষকরা উপস্থিত ছিলেন।