শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিএনপি নেতাকে হাত-পা ভাঙার হুমকি, চার দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

মহাদেবপুর প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মহাদেবপুর প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
বিএনপি নেতাকে হাত-পা ভাঙার হুমকি, চার দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

নওগাঁর মহাদেবপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে ফোন করে এক বিএনপি নেতাকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার চার দিন পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। উল্টো অভিযোগকারীকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলা উত্তরগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও উপজেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ ময়েন উদ্দিন।


গত ১৩ নভেম্বর মহাদেবপুর থানায় দায়ের করা অভিযোগে ময়েন উদ্দিন উল্লেখ করেন, ১২ নভেম্বর দিবাগত রাত ১০টা ১৪ মিনিটে তাঁর কর্মস্থলে দায়িত্ব পালনকালে ০১৭৬৮-৪৪২৫৪৫ নম্বর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই পরিচয় দিয়ে তাঁর অবস্থান জানতে চান। একপর্যায়ে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে জানিয়ে গ্রেপ্তার, হাতকড়া পরানো, ঝুলিয়ে পেটানো এবং হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন। বিএনপির রাজনীতি ছাড়ারও হুমকি দেওয়া হয়। এমনকি ডিবির গাড়ি নিয়ে তাঁকে ধরতে যাওয়ার কথা বলে মাদ্রাসায় অবস্থান করতে বলা হয়। প্রায় আট মিনিট ২৪ সেকেন্ড ধরে বিভিন্ন ভাষায় তাঁকে হুমকি দেওয়া হলেও ওই রাতে কেউ সেখানে যায়নি।


ময়েন উদ্দিনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে উত্তরগ্রামের সাহারাম খানের ছেলে জুলহাজ খান ‘বরেন্দ্র খবর’ নামের একটি অনিবন্ধিত ফেসবুক পেজে তাঁকে নিয়ে বিভিন্ন অপতথ্য প্রচার করে আসছেন। এরই ধারাবাহিকতায় জুলহাজ খান নিজে অথবা অন্য কাউকে দিয়ে ডিবি পরিচয়ে ফোন করে তাঁকে ভয়ভীতি দেখিয়েছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় তিনি হতাশ।


এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি জেলা গোয়েন্দা পুলিশের কোনো সদস্যের নয়। এটি একটি প্রতারক চক্রের ব্যবহৃত নম্বর বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।


মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগটি তদন্তের জন্য এসআই হুসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের দায়িত্ব পাওয়া এসআই হুসাইন মুঠোফোনে বলেন, জেলা পুলিশের নিয়োগসংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় বিষয়টি তদন্ত করতে পারেননি। নিয়োগের কাজ শেষ হলে ব্যবস্থা নেবেন। ভুক্তভোগী জানান, গত ১৬ নভেম্বর রাতে এসআই হুসাইন তাঁকে ফোন করে আরও তথ্য সংগ্রহের জন্য দেখা করতে বলেছেন।


স্থানীয়দের অভিযোগ, জুলহাজ খান নিজেকে সাবেক সেনাসদস্য পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কখনো সেনাবাহিনীতে চাকরি করেননি। স্থানীয় একাধিক ব্যক্তিকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। নওগাঁ জেলা মহিলা দলের এক নেত্রীও অভিযোগ করেছেন, প্রশাসনের লোক পরিচয় দিয়ে জুলহাজ খান তাঁকেসহ এলাকার বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আদালতে একটি মামলাও হয়েছে, যা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন।


অভিযোগের বিষয়ে জুলহাজ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।


উল্লেখ্য, গত ১২ নভেম্বর ‘নওগাঁ ডিস্ট্রিক্ট পুলিশ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে সতর্ক করে বলা হয়, পুলিশ, ডিবি বা গোয়েন্দা সংস্থার পরিচয়ে মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ফোনে কিংবা অন্য কোনো মাধ্যমে অর্থ দাবি করা হলে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০-১২৪৪৯৮ নম্বরে অভিযোগ জানাতে হবে। ওই দিন রাতেই ময়েন উদ্দিনকে ডিবি পরিচয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটে।