শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সিরাজগঞ্জে ঘন কুয়াশায় পাথর বোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিরাজগঞ্জ প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে ঘন কুয়াশায় পাথর বোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় ঠান্ডু মিয়া (৬০) ও আব্দুল আলীম শেখ (৪০) নামে দুই পথচারী নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত ঠান্ডু মিয়া হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। অপর নিহত আব্দুল আলীম শেখ দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার মধ্যে ওই দুই ব্যক্তি ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


একই দুর্ঘটনায় দুই ব্যক্তির প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে একজন কৃষক ও একজন দলিল লেখকের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।