শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পবা থানার নতুন ওসি এম এ হাননান

নিজস্ব প্রতিবেদক ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
পবা থানার নতুন ওসি এম এ হাননান

রাজশাহীর পবা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ কর্মকর্তা এম এ হাননানকে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে তাঁর কঠোর ও নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা করছেন স্থানীয়রা।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির পিপিএম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে পবা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।


এর আগে এম এ হাননান রাজশাহী জেলার মোহনপুর থানা, ঢাকা জেলার আশুলিয়া মডেল থানা এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


স্থানীয়দের প্রত্যাশা, নতুন ওসি দায়িত্ব গ্রহণের পর পবা এলাকায় মাদকের বিস্তার, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেবেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং থানায় পুলিশি সেবা সহজলভ্য করার উদ্যোগ নেবেন। বিশেষ করে অপরাধ দমনে কোনো ধরনের পক্ষপাত বা রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা এলাকাবাসীর।


নতুন দায়িত্ব প্রসঙ্গে ওসি এম এ হাননান বলেন, পবা থানার দায়িত্ব দেওয়ায় আরএমপি কমিশনারের প্রতি তিনি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্বের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চান। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনকে অগ্রাধিকার দেওয়া হবে। থানায় সেবা নিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।


তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতায় পবা থানাকে জনবান্ধব ও নিরাপদ থানা হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।