শিক্ষার্থীদের উদ্যোগে দর্শনপাড়া উচ্চ বিদ্যালয়ে সিড লাইব্রেরি উদ্বোধন, সংরক্ষণ করা হয়েছে ১৩৫ ধরনের দেশীয় বীজ
দেশীয় বীজের পরিচিতি, কৃষিজ্ঞান চর্চা ও কৃষিপ্রাণবৈচিত্র্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া উচ্চ বিদ্যালয়ে সিড লাইব্রেরি (বীজ পাঠাগার) উদ্বোধন করা হয়েছে। এতে ৭০ ধরনের সবজি, ৪৫ ধরনের ধান ও ২০ ধরনের রবি ফসলের জাতসহ মোট ১৩৫ ধরনের দেশীয় বীজ সংরক্ষণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এটি বাংলাদেশের দ্বিতীয় সিড লাইব্রেরি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সিড লাইব্রেরির উদ্বোধন করেন বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকের সভাপতি জাহেদুর রহমান, স্বশিক্ষিত কৃষি গবেষক নুর মোহাম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুর রহমান, পরিচালনা কমিটির সভাপতি মো. আজাবুর রহমান এবং কৃষি শিক্ষক মো. রেনু আহমেদ। বারসিকের নৃবিজ্ঞানী ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বারসিক, বিলনেপাল পাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টার ও বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকের সহযোগিতায় এ সিড লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। এর আগে ২০১৯ সালে তানোর উপজেলার তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে দেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সিড লাইব্রেরি চালু হয়।
উদ্বোধনী আলোচনা সভায় বিদ্যালয় পর্যায়ে কৃষিজ্ঞান চর্চা ও নিরাপদ কৃষি বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন বারসিকের নৃবিজ্ঞানী ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, কৃষি শুধু পেশা নয়; এটি জীবন, সংস্কৃতি, খাদ্য ও অস্তিত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত। অথচ নতুন প্রজন্ম নিজেদের এলাকার কৃষি, দেশীয় বীজ ও কৃষকের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে। শিক্ষার্থীরা যেন বইয়ের পাশাপাশি বাস্তবেও বীজ ও গাছ চিনতে পারে এবং কৃষকের অভিজ্ঞতা জানতে পারে, সিড লাইব্রেরি সেই সুযোগ তৈরি করবে।
কৃষি গবেষক নুর মোহাম্মদ দেশীয় বীজ সংরক্ষণ, স্থানীয় জাতের বৈশিষ্ট্য এবং কৃষকের অভিজ্ঞতালব্ধ জ্ঞান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুর রহমান বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব ও জীবনঘনিষ্ঠ জ্ঞান অর্জনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয় কর্তৃপক্ষ সিড লাইব্রেরির কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।
সিড লাইব্রেরিতে সংরক্ষিত প্রতিটি বীজের সঙ্গে নাম, মৌসুম ও সংগ্রহের উৎসসংক্রান্ত তথ্য রাখা হবে। শিক্ষার্থী ও শিক্ষকরা নিজেদের বাড়ি এবং এলাকার কৃষকদের কাছ থেকে দেশীয় বীজ সংগ্রহ করে এখানে যুক্ত করবেন। আগ্রহী শিক্ষার্থীরা মৌসুমভিত্তিক বীজ বিনিময়ের মাধ্যমে বাড়িতে, বিদ্যালয়ের আঙিনায় কিংবা অন্য জায়গায় সবজি ও ফুলের বাগান গড়ে তুলতে পারবেন। এ বিনিময়ে কোনো আর্থিক লেনদেন থাকবে না; পারস্পরিক সহযোগিতা ও আগ্রহের ভিত্তিতে বীজ আদান-প্রদান হবে।
সিড লাইব্রেরি পরিচালনার জন্য বিদ্যালয়ের কৃষি শিক্ষক মো. রেনু আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বীজ সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, তথ্য নথিভুক্তকরণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। বারসিকের সহযোগিতায় শিক্ষার্থীরা স্থানীয় কৃষকদের কাছ থেকে বীজ সংরক্ষণ, কৃষিপ্রাণবৈচিত্র্য ও নিরাপদ কৃষিচর্চা সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বারসিকের কৃষি কর্মসূচির প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম। বীজ সংরক্ষণ বিষয়ে বক্তব্য দেন বারসিকের প্রোগ্রাম অফিসার অমৃত কুমার সরকার।
উল্লেখ্য, শিক্ষার্থী ও শিক্ষকদের নেতৃত্বে সিড লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় কৃষক, কৃষিজ্ঞান ও কৃষিপ্রাণবৈচিত্র্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরির উদ্যোগ নিয়েছে বারসিক। এর ধারাবাহিকতায় রাজশাহীর পবা, তানোর ও গোদাগাড়ী উপজেলার আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।