কেশরহাটে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের বাণিজ্যিক মার্কেটের ব্যবসায়ী আবদুল মালেক বাবুলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে (১৭ নভেম্বর) মোহনপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার উপর ব্যবসায়ী নজরুল ইসলাম নিজাম নামের একজন দায়েরকৃত মিথ্যা মামলার নানা বিষয় লিখিত বক্তব্য গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন।
লিখিত বক্তব্যে বাবুল বলেন, তিনি কেশরহাট উচ্চবিদ্যালয়ের বাণিজ্যিক মার্কেটে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ফিড ও ফার্নিচারের ব্যবসা করছেন। সম্প্রতি ব্যবসা সম্প্রসারণের জন্য আরও কয়েকটি ঘর ভাড়া নিতে গেলে পাশের ব্যবসায়ী নিজাম উদ্দিনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা হয়েছে। আদালতের প্রতি শ্রদ্ধা রেখে তিনি নিয়মিত ব্যবসা পরিচালনা করছেন।
বাবুলের অভিযোগ, এরই মধ্যে নিজাম উদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে আসামি করে চুরির মামলা করেন। গত রোববার মামলার তদন্তে মোহনপুর থানা পুলিশ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যায়। এ সময় নথিপত্র যাচাই ও তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হারানো কিছু ফার্নিচার ও মেশিনারিজ উদ্ধার করা হয়। তাঁর দাবি, নিজামের ছেলে তাঁকে ফাঁসাতে কিছু ফার্নিচার বিক্রি করেছিলেন। উদ্ধার করা মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত দুজনকে পুলিশ থানায় নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। একই সঙ্গে তাঁদের কাছ থেকে উল্টো তিনি চুরির মালামাল বিক্রি করেছেন—এমন জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন। এ ঘটনায় পুলিশের পরবর্তী ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। বর্তমানে এ মামলার আসামিরা জামিনে রয়েছেন।
সংবাদ সম্মেলনে বাবুল মামলার সঠিক তদন্ত এবং পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।
এদিকে কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের বাণিজ্যিক মার্কেটের একটি ঘর নির্ধারিত ভাড়ায় নিজামের কাছে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ভাড়া দেওয়া বন্ধ করে দেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অন্যের কাছে বেশি টাকায় ঘর ভাড়া দেন। দীর্ঘদিনের বকেয়া ভাড়া চাইতে গেলে তাঁর বিরুদ্ধে চুরির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক। তিনি বলেন, বিদ্যালয়ের বিভিন্ন স্থাপনারও ক্ষতিসাধন করেছেন নিজাম। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অন্যদিকে কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন বলেন, নিজাম ৪৮ লাখ টাকা জামানত দিয়ে বিদ্যালয়ের ঘর ভাড়া নিয়েছিলেন। পরে ব্যবসায় মন্দার কারণে ঘর ছেড়ে দেওয়ার আবেদন করেন। তাঁর দাবি, জামানতের টাকা ফেরত না দেওয়ায় ভাড়া পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। জামানত থেকে বকেয়া ভাড়া সমন্বয়ের সুযোগ থাকা সত্ত্বেও জামানত ফেরত না দিয়ে ভাড়া-সংক্রান্ত বন্দোবস্ত বাতিল করা যৌক্তিক নয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোহনপুর থানার এসআই নুরুল ইসলাম বলেন, তদন্তের সময় একটি সোফাসেট জব্দ করা হয়েছে। মামলার ৪ নম্বর আসামি রাসেলের বাড়ি থেকে সেটি উদ্ধার করা হয়। রাসেল জানিয়েছেন, মামলার ১ নম্বর আসামি বাবুল তাঁকে সোফাসেটটি রাখতে বলেছিলেন। তবে উদ্ধারের সময় কাউকে আটক করা হয়নি। মামলার আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।