শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০১:৪০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০১:৪০ অপরাহ্ন
ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা
প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধর করছেন এক অভিভাবক

যশোরের ঝিকরগাছায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধর করেছেন এক অভিভাবক। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক সঞ্চয়কে নিজ চেয়ারে বসে থাকা অবস্থায় অভিভাবক ইউনুস আলী কক্ষে প্রবেশ করেই তাঁর গালে থাপ্পড় মারেন। পরে অন্য শিক্ষকেরা নিবৃত্ত করার চেষ্টা করলে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তি এসে আবার প্রধান শিক্ষকের ওপর চড়াও হন।


মঙ্গলবার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যাতে শিক্ষার্থী আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলে সে পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জেনে তার বাবা ইউনুস আলী ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হামলা চালান।


লাঞ্ছনার ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১১ জন শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করে।


ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, ভুক্তভোগী প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।


তথ্যসূত্র: রাইজিংবিডি