শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০১:৫২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০১:৫২ অপরাহ্ন
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এ সময় তারা পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করেছেন।


পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন।


বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার এস এম আশরাফুল আলম।

এতে মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকরা ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ভোগড়া মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করে। পরে সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করে।


এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রীসহ সাধারণ মানুষ।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

তবে বেলা সোয়া ১১টার দিকেও শ্রমিকরা সড়কে আছে বলে জানিয়েছেন পুলিশের উপ-কমিশনার এস এম আশরাফুল আলম।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলেও তারা আশপাশের গলিগুলোতে অবস্থান নিয়েছেন। সুযোগ পেলেই আবার সড়কে নেমে আসছেন।


১০টি কারখানায় ছুটি, ৩৯টি বন্ধ

এদিকে পরিস্থিতি বিবেচনায় শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের মহানগরীর ১০টি তৈরি পোশাকের কারখানা জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং গতকালের (মঙ্গলবার) তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বুধবার সকালেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।


তথ্যসূত্র: বিডিনিউজ