শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নবাবগঞ্জ সরকারি কলেজে শিক্ষার মান নিয়ে প্রশ্ন

প্রাক্-নির্বাচনি পরীক্ষায় ৩০ শিক্ষার্থীর সাদা খাতা, সবাই পেয়েছে শূন্য
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ ১০:১০ অপরাহ্ন
নবাবগঞ্জ সরকারি কলেজে শিক্ষার মান নিয়ে প্রশ্ন

ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির প্রাক্-নির্বাচনি পরীক্ষায় ৩০ শিক্ষার্থীর উত্তরপত্রে মিলেছে অস্বাভাবিক চিত্র। কেউ কোনো উত্তর না লিখে সাদা খাতা জমা দিয়েছে, আবার কেউ সামান্য লিখেও কোনো নম্বর পায়নি। সবাই পেয়েছে শূন্য। এ ঘটনায় শিক্ষার্থীদের পড়াশোনার মান ও শ্রেণিকক্ষে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি কলেজের অভ্যন্তরে দেখা দিয়েছে অসন্তোষ ও আলোচনা-সমালোচনা।


এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ। তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে ছাড়পত্র (টিসি) নিয়ে অন্য কলেজে চলে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।


গত ১১ নভেম্বর কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


কলেজের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার প্রাক্-নির্বাচনি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় ৩০ শিক্ষার্থীর এমন চিত্র সামনে আসে। তাদের কেউ উত্তরপত্রে কোনো উত্তর না লিখেই সাদা খাতা জমা দিয়েছে। আবার কেউ উত্তর লেখার চেষ্টা করলেও তা ছিল ভুল বা নম্বর পাওয়ার অনুপযোগী। ফলে সবার প্রাপ্ত নম্বর শূন্য।


বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কলেজ থেকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিজ দায়িত্বে শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করে টিসি নিয়ে অন্য কলেজে চলে যেতে হবে।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, ঐতিহ্যবাহী এ কলেজে বরাবরই মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে আসছে। কিন্তু কিছু শিক্ষার্থীর ক্লাসে অনুপস্থিতি ও পড়াশোনায় অমনোযোগিতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা কলেজের সুনাম ক্ষুণ্ন করছে। তাঁদের মতে, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও পড়াশোনায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে শিক্ষকদেরও দায় রয়েছে।


কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, ‘কলেজের লেখাপড়ার মান ভালো রাখতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার আগে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক করা হয়েছিল। এরপরও তারা পড়াশোনা না করে উত্তরপত্রে কিছুই লেখেনি। সন্তোষজনক জবাব না পেলে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ছিল মাত্র ৩৮ দশমিক ৩৬ শতাংশ। জেলার সামগ্রিক ফলাফল হতাশাজনক হলেও নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে সর্বোচ্চ ৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এমন সাফল্যের বিপরীতে প্রাক্-নির্বাচনি পরীক্ষায় ৩০ শিক্ষার্থীর শূন্য পাওয়ার ঘটনা কলেজের শিক্ষার মান, পাঠদান ও শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।