শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

শিবগঞ্জে স্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১৫ লাখ টাকা

শিবগঞ্জ প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ ১০:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ ১০:১২ অপরাহ্ন
শিবগঞ্জে স্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১৫ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২২৪ বোতল অবৈধ স্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ। এ সময় মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খোরাম ওরফে সুমন (২৯), নলডুবরী গ্রামের মৃত নিবারণ কর্মকারের ছেলে প্রভাত কর্মকার (৪০) এবং একই গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে পবন কর্মকার (৪০)।


বুধবার বিকেলে এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৭টার দিকে ডুলিপাড়া গ্রামে খোরাম ওরফে সুমনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সুমন ও প্রভাত কর্মকারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে ১৭৩ বোতল স্কাফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।


পরে সকাল ৮টা ৪০ মিনিটে নলডুবরী গ্রামে পবন কর্মকারের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে আরও ৫১ বোতল স্কাফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।


দুটি অভিযানে সব মিলিয়ে ২২৪ বোতল স্কাফ সিরাপ, নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।