শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বগুড়ায় নবান্নের মেলায় কোটি টাকার মাছের বেচাকেনা

দীপক সরকার, বগুড়া ১৮ নভেম্বর ২০২৬ ১০:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দীপক সরকার, বগুড়া ১৮ নভেম্বর ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
বগুড়ায় নবান্নের মেলায় কোটি টাকার মাছের বেচাকেনা

নতুন ধানের ঘ্রাণে গ্রামবাংলায় নবান্নের উৎসব। সেই উৎসবকে ঘিরে বগুড়ার বিভিন্ন হাট-বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। ভোর থেকেই মেলাপ্রাঙ্গণে মানুষের ঢল। সারি সারি দোকানে সাজানো রুই, কাতলা, বোয়াল, চিতল, বাঘাইড়সহ বিশাল আকৃতির নানা প্রজাতির মাছ। কোথাও ১২ কেজির কাতলা, কোথাও ১৮ কেজির মাছ। আবার বিক্রির জন্য উঠেছে ২২ কেজি ওজনের বিশাল এক কাতলা। মাছের পাশাপাশি নতুন আলু, শীতকালীন সবজি, মিষ্টি, দই ও খেলনার দোকানও জমজমাট। সব মিলিয়ে নবান্নের মেলা পরিণত হয়েছে গ্রামীণ জনপদের এক মিলনমেলায়।


বুধবার (১৮ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিন নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার উথলী বাজারে বসে জেলার অন্যতম বড় মাছের মেলা। প্রায় দুই শত বছরের ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে আশপাশের প্রায় ২০ গ্রামের মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আগের রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে ব্যবসায়ীরা আসতে শুরু করেন। ভোর থেকে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। উথলী ছাড়াও জেলার মহাস্থান, কাহালু, নন্দীগ্রাম, গাবতলী, দুপচাঁচিয়া ও শেরপুরসহ বিভিন্ন এলাকার হাট-বাজারে বসে নবান্নের মাছের মেলা।


সকাল থেকে বেলা ১টা পর্যন্ত বিভিন্ন মেলা ঘুরে দেখা যায়, এক থেকে ১৮ কেজি ওজনের নানা প্রজাতির মাছ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ১২ কেজি ওজনের ব্লাড কার্প ও কাতলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি এক হাজার টাকা দরে। ১৫ কেজি ওজনের বিগহেড ও বাটা মাছের দাম চাওয়া হচ্ছে ৮০০ টাকা। সামুদ্রিক কোরাল ১ হাজার ১০০, টুনা ৭০০, রুই ৩০০ থেকে ৭০০, কাতলা ৪০০ থেকে ৬৫০, বোয়াল ৫৫০ থেকে ৬৫০, সিলভার কার্প ২৫০ থেকে ৫০০, চিতল ৫০০ থেকে ১ হাজার এবং বাঘাইড় ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তরুণ মৎস্য ব্যবসায়ী সোহাগ নওগাঁর সাপাহার থেকে এনেছেন ২২ কেজি ওজনের একটি কাতলা। মাছটির দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি দুই হাজার টাকা।


কাহালু বাজারের পাইকারি মৎস্য ব্যবসায়ী মো. ফজলার রহমান জানান, নবান্ন উপলক্ষে এবার রাজশাহী থেকে বিক্রির জন্য একশ মণের বেশি মাছ এনেছেন। গত বছরের তুলনায় এবার মোকামগুলোতে মাছের দাম কিছুটা কম থাকায় সরবরাহও বেশি। ব্যবসায়ীদের ধারণা, শুধু কাহালু মাছের বাজারেই প্রায় ৮০ লাখ টাকার মাছ বিক্রি হতে পারে। মাছ বিক্রেতা কৃষ্ণ প্রামাণিক বলেন, এবার ১০ লাখ টাকার মাছ তুলেছেন। গত বছর প্রায় তিন লাখ টাকা লোকসান হয়েছিল। এবার ভালো বিক্রির আশায় আবারও মাছ এনেছেন।


মেলার ক্রেতা-বিক্রেতাদের কাছে মাছের পাশাপাশি নতুন শাকসবজিও বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। সদ্য ওঠা নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৪০ থেকে ২৬০ টাকা দরে। গত বছর একই সময়ে নতুন আলুর দাম ছিল প্রায় ৫০০ টাকা। এবার দাম অর্ধেক হওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশি। ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ বিভিন্ন শীতকালীন সবজির পসরা বসেছে মেলায়। পাশাপাশি মিষ্টি, দই, খেলনা ও নাগরদোলায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা।


উথলীর মেলায় আসা স্থানীয় বাসিন্দা স্বপন কুমার বলেন, ‘এই মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমাদের বাবা-দাদারাও এখানে আসতেন। ছোটবেলা থেকেই আমরা মেলায় আসছি। এখন সন্তানদেরও নিয়ে আসি, যাতে তারাও এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে বড় হতে পারে।’ পাশের নারায়ণপুর গ্রামের গগন চন্দ্র সরকার বলেন, প্রায় দুই শত বছরের পুরোনো এ মেলা মাছের জন্য বিখ্যাত। তবে নতুন শাকসবজির পসরা ও নানা আয়োজনের কারণেও আশপাশের গ্রামের মানুষ এখানে ছুটে আসেন।


মেলা পরিচালনাকারী ফরমান আলী জানান, নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই এ মেলার আয়োজন করা হয়। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চলছে। নন্দীগ্রামের দাসগ্রাম থেকে মাছ কিনতে আসা বাদল চন্দ্র জানান, তিনি রুই ৪৮০, বিগহেড ৫৫০ ও চিতল ৯০০ টাকা কেজি দরে কিনেছেন। মোট ৯ হাজার ৫০০ টাকার মাছ নিয়েছেন।


নবান্নের এ উৎসবের রয়েছে ধর্মীয় ও সামাজিক তাৎপর্য। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, নতুন ধানের অন্ন দেবী লক্ষ্মীকে নিবেদন করে পিতৃপুরুষ ও আত্মীয়স্বজনের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে ফসলের প্রাচুর্য কামনা করা হয়। নতুন চালের পায়েশ, পোলাও, পিঠা-পুলিসহ নানা খাবার তৈরি করে আত্মীয়-প্রতিবেশীদের আপ্যায়ন করা হয়। অন্যদিকে মুসলিম কৃষক পরিবারগুলো নতুন ফসল ঘরে তোলার আনন্দে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এভাবেই নবান্ন ধর্মীয় গণ্ডি পেরিয়ে গ্রামীণ জনপদের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।


হাজারো মানুষের সমাগমে মেলাটি শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, মেলাকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, নবান্নের মেলা এলাকার বিশেষ ঐতিহ্য। মেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।