পাবনা ও ঈশ্বরদীতে প্রভাতী ও গোধুলী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন বৃহস্পতিবার
পাবনা-ঈশ্বরদী-ঢাকা নতুন রেলরুটে আজ উদ্বোধন হবে নতুন ট্রেন ‘প্রভাতী ও গোধুলী এক্সপ্রেস।’ বুধবার (১৮ নভেম্বর) ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে নতুন ট্রেনের কোচগুলো ধুয়ে মুছে ফুল ও রঙিন কাগজে সাজিয়ে প্রস্তুত করা হয়। এর আগে নতুন ট্রেনের জন্য ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন রেলকোচ পরীক্ষা-নিরীক্ষা শেষে ঈশ্বরদীর পাকশী রেলওয়ে বিভাগের কাছে গত সোমবার হস্তান্তর করা হয়। বিভাগীয় সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়। নীলফামারীর সৈয়দপুর কারখানা কর্তৃপক্ষ কোচগুলো বুঝিয়ে দেয়। এই কোচগুলো দিয়েই বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাবনা-ঢাকার নতুন রেলপথে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এর আগে গত ১৭ অক্টোবর ভোর চারটার দিকে ভারত থেকে প্রথম চালানের এই ১৮টি কোচ সৈয়দপুর কারখানায় পৌঁছায়। সেখানে যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও চালুর উপযোগী করার কাজ সম্পন্ন হয়।
পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন জানান, বৃহস্পতিবার পাবনা রেলওয়ে স্টেশন ও ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে ট্রেন দুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরদিন ২০ নভেম্বর থেকে শুরু হবে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা-নিরীক্ষা শেষে রেলপথে কোচগুলোর পরীক্ষামূলক চলাচল ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
নতুন ট্রেনে যারা দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে রয়েছেন লোকোমাষ্টার বা চালক আব্দুল হালিম বিশ্বাস, ট্রেন পরিচালক (গার্ড) জিয়াউর রহমান জিয়া এবং ভ্রাম্যমান টিকিট পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল আলীম বিশ্বাস মিঠু, বরকতউল্লাহ আল-আমিন, গোলাম কিবরিয়া ও ইয়াসির আরাফাত। ভ্রাম্যমান টিকিট পরিদর্শক (টিটিই) আব্দুল আলীম বিশ্বাস মিঠু বলেন, নতুন ট্রেনে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। রেলওয়ের নতুন এই রুটে ট্রেনে দায়িত্ব পালন করার জন্য আমরা রেলকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ভারতীয় কোচগুলোর কারিগরি পরীক্ষা শেষে সফলভাবে পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে। এ সময় কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দলও যুক্ত ছিল। তাঁরা ট্রেনের গতিবেগসহ বিভিন্ন কারিগরি দিক যাচাই করেছেন। ফলাফল মূল্যায়ন ও প্রয়োজনীয় কাজ শেষে কোচগুলো পরিবহন বিভাগে হস্তান্তর করা হলো। এই কোচগুলো দিয়েই পাবনা-ঈশ্বরদী-ঢাকা নতুন রেলরুটের ‘প্রভাতী এক্সপ্রেস’ ও ‘গোধুলী এক্সপ্রেস’ ট্রেন পরিচালিত হবে।
জানা গেছে, ইউরোপীয় মানদণ্ডে তৈরি এই কোচগুলোর বিশেষ কাঠামোর কারণে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় একটি কোচ আরেকটির ওপর উঠে যাওয়ার ঝুঁকি থাকবে না। পুরোনো সংযোগ ব্যবস্থার বদলে আধুনিক প্রযুক্তি থাকায় যাত্রাকালে ঝাঁকুনি কম হবে এবং ভ্রমণ আরামদায়ক হবে। এ ছাড়া কোচগুলোতে শিশু ও মায়েদের জন্য আলাদা পরিচর্যাকক্ষ এবং যাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। দেশের রেলপথের বাস্তবতা বিবেচনায় অতিরিক্ত যাত্রী ও ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জার এসব কোচে ভাঁজ করা যায় এমন আসন, ক্লোজড সার্কিট ক্যামেরায় নজরদারি এবং জরুরি প্রয়োজনে যাত্রীদের সতর্কসংকেত দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ মাসুম, আমদানি প্রকল্পের পরিচালক জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ কারিগরি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেছেন বলে নিশ্চিত করেন।