নওগাঁয় যমজ শিশু জন্মের দাবি সঠিক নয়, তদন্ত প্রতিবেদনের তথ্য
নওগাঁর বেসরকারি বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যে নতুন মোড় এসেছে। ক্লিনিকটিতে যমজ শিশুর জন্মের দাবিই সঠিক নয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তদন্তে বলা হয়েছে, প্রসূতি শান্তনা আক্তারের গর্ভে একটি সন্তানই ছিল। অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে বগুড়া থেকে উদ্ধার করা শিশুটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া শিশু কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১৪ নভেম্বর নওগাঁর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ৫ নভেম্বর শহরের বলাকা ক্লিনিকে বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শান্তনা আক্তারের সিজারিয়ান অপারেশনের পর একটি শিশু হস্তান্তরের ঘটনায় যমজ শিশুর আরেকটি শিশু চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রকাশিত সংবাদ ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট চিকিৎসকসহ নয়জনের বক্তব্য গ্রহণ করে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনে নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ও কমিটির সদস্য ডা. এ এম রেজাউল মাহমুদের মতামত উল্লেখ করা হয়েছে। তিনি শান্তনা আক্তারের তিনটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও ছবি পরীক্ষা করে জানান, গত ১০ আগস্টের রিপোর্টে একটি সন্তান থাকার কথা বলা হয়েছে। পরবর্তী ১২ ও ২১ অক্টোবরের দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ থাকলেও সংযুক্ত ছবিতে দুটি ভ্রূণের অস্তিত্ব প্রমাণের মতো চিত্র পাওয়া যায়নি। তাঁর মতে, যমজ সন্তান নিশ্চিত করতে উভয় শিশুর পৃথক বা পাশাপাশি অবস্থানের ছবি থাকা প্রয়োজন। সে কারণে পরবর্তী দুটি রিপোর্ট সঠিক নয় বলে তিনি মত দিয়েছেন।
অন্যদিকে, অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুন তদন্ত কমিটিকে জানান, রোগীর আগের দুটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে একটিতে একটি এবং অন্যটিতে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। পরে আরেকটি আল্ট্রাসনোগ্রামেও যমজ সন্তানের তথ্য আসে। গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাকা ক্লিনিকের অপারেশন থিয়েটারে সিজারিয়ান করার পর তিনি একটি কন্যাশিশু পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বজনদের জানানো হয়। অপারেশনে সহকারী সার্জন ডা. মো. আব্দুল আউয়ালও একই তথ্য দিয়ে জানান, অস্ত্রোপচারে একটি শিশু, একটি প্লাসেন্টা ও একটি কর্ড পাওয়া যায়। শিশুটির ওজন ছিল ৩ দশমিক ৭ কেজি।
বলাকা ক্লিনিকের মালিক মো. এনামুল হক দাবি করেন, একটি মহল মিথ্যা যমজ সন্তানের তথ্য ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, যথাযথ তদন্ত ছাড়াই পুলিশের করা মামলায় তাঁকে আসামি করা হয়েছে। তিনি জানান, গত ১২ নভেম্বর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে উদ্ধার করা শিশুটি ওই গ্রামের এক ব্যক্তি দত্তক নিয়েছিলেন বলে জানা গেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মামলা থেকে অব্যাহতি পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানান, অধিকতর সুষ্ঠু তদন্তের স্বার্থে কমিটির সদস্যরা আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিয়েছেন। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত তাঁরাই নেবেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া শিশুটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া শিশু না-ও হতে পারে। প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন। এ জন্য আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে পরীক্ষা করা হবে। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতে থাকবে।